শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন সুনামগঞ্জে জমি বিরোধের জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, গুরুতর আহত সুনামগঞ্জে তরুণদের নেতৃত্বে শান্তি, মানবতা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের ৭২ সদস্যের কমিটি সুনামগঞ্জে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির সুনামগঞ্জের নতুন হাছননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালানো সেই ‘লাইভম্যান’ আসির মিয়া সুনামগঞ্জে গ্রেফতার ছাতকে ছাত্রীসংস্থার এসএসসি দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অসুস্থ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর শুভ উদ্বোধন মো: ফারুক আহমদ সুনামগঞ্জ জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সেন্টিনেল ডিফেন্স একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখানো, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তুলতে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রাথমিক সেশন অনুষ্ঠিত হয়েছে।

সেন্টিনেল ডিফেন্স একাডেমির আয়োজনে এবং সুনামগঞ্জ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। এতে কলেজের কিশোরী শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন মৌলিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

প্রশিক্ষণে মহিলা ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াংকা পাল, জাহান চৌধুরী ও সুরাইয়া আক্তার রৌজ। টেকনিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সুজন মল্লিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মাসুদ জামান লিটন, প্রভাষক (অর্থনীতি), বিসিএস (সাধারণ শিক্ষা)।

তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কিশোরীদের আত্মরক্ষার মৌলিক কৌশল জানা থাকলে তারা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। সুনামগঞ্জে মেয়েদের জন্য এমন সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করায় তিনি আয়োজকদের সাধুবাদ জানান।

তিনি আরও বলেন, একটি শিক্ষার্থীকে শুধু বইয়ের জ্ঞান দিয়ে গড়ে তুললেই পূর্ণাঙ্গ শিক্ষা নিশ্চিত হয় না; তার আত্মবিশ্বাস, সচেতনতা ও নিরাপত্তাবোধও গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্টিনেল ডিফেন্স একাডেমির সম্পাদক আব্দুল্লাহ নাঈম বলেন, “আমাদের একাডেমি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হলো কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে সচেতন করা এবং তাদের আত্মবিশ্বাসী ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তোলা। বিশেষ করে মেয়েরা যেন নিজেদের দুর্বল মনে না করে এবং প্রয়োজনের সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে—সেই সক্ষমতা তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য। আত্মরক্ষার প্রশিক্ষণ একজন শিক্ষার্থীকে শুধু শারীরিকভাবে সক্ষম করে না, বরং তার আত্মবিশ্বাস, সচেতনতা ও মানসিক দৃঢ়তাও বাড়ায়।”

তিনি জানান, “আমরা ধীরে ধীরে সুনামগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থীদের আত্মরক্ষার মৌলিক কৌশল শেখানোর পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, সচেতনতা ও সাহস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হোক এবং প্রয়োজনের সময় নিজেকে রক্ষা করার মতো সক্ষমতা অর্জন করুক।”

টেকনিক্যাল ইন্সট্রাক্টর সুজন মল্লিক বলেন, “আমাদের সুনামগঞ্জের মেয়েরা অনেক ক্ষেত্রেই অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। তবে মেয়েদের কখনোই তুচ্ছ বা দুর্বল হিসেবে দেখার সুযোগ নেই। তাদের আত্মবিশ্বাসী ও নিজের প্রতি সচেতন করে গড়ে তুলতে আত্মরক্ষার প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। আমরা চাই, প্রতিটি মেয়ে নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হোক এবং প্রয়োজনে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হোক।”

তিনি আরও বলেন, “আত্মরক্ষার প্রশিক্ষণ শুধু শারীরিক প্রতিরোধের কৌশল শেখায় না; এটি একজন মেয়ের মধ্যে সাহস, আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি এবং পরিস্থিতি মোকাবিলার মানসিক সক্ষমতা তৈরি করে।”

এদিকে, প্রাথমিক প্রশিক্ষণ সেশনে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানান সেন্টিনেল ডিফেন্স একাডেমির সম্পাদক আব্দুল্লাহ নাঈম। তিনি জানান, শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন দিনব্যাপী ফ্রি সেল্ফ ডিফেন্স সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এই প্রশিক্ষণে শুধুমাত্র সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, সাহস ও মানসিক দৃঢ়তা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম সম্প্রসারিত হলে কিশোরীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102