মাদকপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ সদর উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদ। অভিযানে এক শীর্ষ মাদক ডিলারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরেক অভিযুক্তের বাসায় তল্লাশি চালানো হয়েছে।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মল্লিকপুর এলাকার একটি ভাড়া বাসায় কুখ্যাত মাদক ডিলার নুরমালার সন্ধানে অভিযান পরিচালনা করে ঐক্য পরিষদের সদস্যরা। তবে অভিযানের খবর টের পেয়ে আগেই ঘরের সব আলামত সরিয়ে ফেলা হয় বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ঘরটি খোলা অবস্থায় পাওয়া যায়। জানা গেছে, কয়েকদিন আগে নুরমালার স্বামী পারভেজ ইয়াবা-সংক্রান্ত একটি মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন।
অভিযান শেষে নুরমালা ও তার সহযোগীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাদকবিরোধী ঐক্য পরিষদ জানায়, ভবিষ্যতে কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পৃথক অভিযানে ইকবালনগর এলাকার কথিত শীর্ষ মাদক ডিলার সোহেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, সোহেলের বাসায় অভিযান চালানোর সময় তার স্ত্রী কর্তব্যরতদের দা দিয়ে আঘাত করার হুমকি দেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকবিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।