পুলিশের চোখে ধুলো দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাকারী সেই বহুল আলোচিত আসামি আসির মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাত ৯টার সময় সুনামগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল শহরের ‘পানসি রেস্টুরেন্ট’ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানার পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শান্তিগঞ্জ থানা পুলিশ আসির মিয়াকে আটক করলে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় কিছু লোকের সহায়তায় সে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। পলাতক থাকা অবস্থায় সে ফেসবুক লাইভে এসে দম্ভোক্তি প্রকাশ করে এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালায়।
বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু হয়। আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে ডিবি’র এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন এবং সদর থানার এসআই জহির হোসেনসহ পুলিশের একটি চৌকস দল পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ওসি রতন শেখ জানান, পুলিশের পেশাদারিত্ব ও নিখুঁত কৌশলের কাছে শেষ পর্যন্ত অপরাধী পরাস্ত হয়েছে। হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার পর সে ভেবেছিল পার পেয়ে যাবে, কিন্তু পুলিশ অত্যন্ত সুনিপুণ কৌশলে তাকে আইনের আওতায় এনেছে। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।