সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান তালুকদার ইন্তেকাল করেছেন। তিনি মান্নারগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুন নুর সাহেবের বড় ছেলে।আজ বুধবার সন্ধ্যা ৭টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।