বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই হবে: মির্জা ফখরুল

এনপিএম বাংলা
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সংবিধান ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। চলতি বছরের শেষ দিকে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও জনগণের ভোটে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার কৃষিবান্ধব ও জনমুখী। বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যারা এমন মন্তব্য করেন, তাদের বাস্তবতা সম্পর্কে যথাযথ ধারণা নেই।

এর আগে সকালে তিনি বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102